ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

শীতের আগমন কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ১৬ অক্টোবর ২০২৬
শীতের আগমন কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
সংগৃহীত ছবি

দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে।  তবে, সারা দেশে শীতের আমেজ ছড়াতে অপেক্ষা করতে হবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আবুল কালাম মল্লিক বলেন, ‘তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনে গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।’

এ আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে। এ ছাড়া এল নিনোর প্রভাবে এবার শীতের অনুভূতি তুলনামূলক কম থাকতে পারে।

বিগত কয়েক বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

সব মিলিয়ে, অক্টোবরের শেষভাগে শীতের প্রাথমিক অনুভূতি পাওয়া গেলেও নভেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে শীতের আমেজ বাড়তে পারে। আর ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ স্পষ্ট হয়ে উঠতে পারে।
 

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!