কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, লুটপাট ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় ক্ষমতাসীন দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
.png)
১৯৭৪ সাল থেকে এই কেন্দ্রটি মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য এবং টিকাদানসহ গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটিতে হামলা পর দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার জেরে নড়েচড়ে বসেছে দল ও প্রশাসন। রাড্ডা সেন্টার নিয়ে সমালোচনার মধ্যেই গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই দিনে দল ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়। যদিও দলীয় বিজ্ঞপ্তিতে সরাসরি রাড্ডা কাণ্ডের কথা উল্লেখ করা হয়নি।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (মহিলা আসন-২৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করা এই নেত্রীর বাবা হাজী মো. নিজামউদ্দিন আহমেদ এবং মা হাজী মোছা. হোসনে আরা আহমেদ। তিনি রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী।
কলেজজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ফেরদৌসী আহমেদ কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।
মিরপুর এলাকাকে কেন্দ্র করে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে রয়েছেন তার ভাই, বিএনপির প্রয়াত আলোচিত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
এছাড়া তার স্বামী সাইদুর রহমান নিউটন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেই নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর নির্বাচিত হন এবং এলাকায় পরিচিতি পান।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালে বিএনপির মনোনয়নে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার আসন সংরক্ষিত মহিলা আসন-২৩।
এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০০২ সালে তার স্বামী সাইদুর রহমান নিউটন নিহত হওয়ার পর মিষ্টি ওই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৯ সালের সিটি নির্বাচনেও তিনি ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের পর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নাম সামনে আসে। এই সমিতির সঙ্গে ফেরদৌসী আহমেদ মিষ্টির পুরোনো সম্পর্ক রয়েছে।
জানা যায়, ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে মিষ্টি ওই সমিতির সভাপতি ছিলেন। ২০০৪ সালে রাড্ডা সেন্টারের জায়গাটি সমিতির নামে বরাদ্দ চেয়ে করা আবেদনের নথিতেও তার নাম সভাপতি হিসেবে ছিল।
তবে বর্তমানে সমিতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন মিষ্টি। একই সঙ্গে সম্প্রতি গণমাধ্যমে তিনি স্বীকার করেছেন, কমিশনার থাকাকালে তিনি সমিতির সভাপতি ছিলেন এবং জমি বরাদ্দের জন্য আবেদন করেছিলেন। তবে রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।