বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা পর্যায়ক্রমে চাকরি পাবেন : শাহে আলম
বিএনপির দুর্দিনে নির্যাতিত নেতাকর্মীদের পর্যায়ক্রমে চাকরি, বৈধ ডিলারশিপ ও ঠিকাদারির সুযোগ দিয়ে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গত ২৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বিএনপির দুর্দিনে যারা দলের সঙ্গে ছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের মূল্যায়ন করা হবে। আইন ও বিধিবিধান মেনে পর্যায়ক্রমে তাঁদের চাকরি, বৈধ ডিলারশিপ এবং ঠিকাদারিসহ বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে।
তিনি বলেন, “আমি কথা দিচ্ছি, বিএনপির দুর্দিনের সমস্ত নেতাকর্মীর মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা চাকরি পাবেন, আপনারা বৈধভাবে ডিলারশিপ পাবেন, বৈধভাবে কাজের সুযোগ পাবেন, বৈধভাবে ঠিকাদারি পাবেন। আইন-নিয়মের মধ্য থেকে দলের যারা নির্যাতিত নেতাকর্মী, পর্যায়ক্রমে সবারই মূল্যায়ন হবে।”
এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ জন্য কাউকে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।
বাহারচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবের রহমান শামীম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।