ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

সাড়ে ছয় মাসে এক টাকারও দুর্নীতি করিনি: আমির হামজা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ১১ অক্টোবর ২০২৬
সাড়ে ছয় মাসে এক টাকারও দুর্নীতি করিনি: আমির হামজা
ছবি: সংগৃহীত

শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করেননি বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। একই সময়ে দায়িত্ব পালন করা অন্য সংসদ সদস্যরাও দুর্নীতি করেননি, এমন নিশ্চয়তা দিতে পারবেন কি না, সেই চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা বলেন, ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে নিজের বিবেক ও সজ্ঞানে বলতে পারেন, এই সাড়ে ছয় মাসে সরকারি অর্থ নিয়ে কোনো দুর্নীতি করেননি তিনি। তার দাবি, তার পাশে থাকা সংসদ সদস্যরাও একই নিশ্চয়তা দিতে পারবেন।

আমির হামজা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্যের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য আসবে। অন্যদিকে, বাকি ২১২ জন সংসদ সদস্য দুর্নীতি করেননি, এমন নিশ্চয়তা দিতে পারলে তারা রাজনীতি ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

দেশের চিনি উৎপাদন ও আমদানিনির্ভরতা নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তার ভাষ্য, দেশে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। অথচ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে উৎপাদন কম হওয়ায় বিপুল পরিমাণ চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়।

তিনি বলেন, বন্ধ চিনিকলগুলো চালু করা গেলে দেশে চিনির উৎপাদন বাড়ানো সম্ভব। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি বাজারে সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণেও সহায়তা মিলবে।

আমির হামজা বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে চিনির উৎপাদন বাড়ানো প্রয়োজন। চিনিকলের অধীনে প্রায় ৭২০ বিঘা জমি পড়ে থাকার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এত সম্পদ থাকা সত্ত্বেও কেন বিদেশ থেকে চিনি আমদানি করতে হবে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশে সার, বীজ, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে মানুষের উদ্বেগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের যথেষ্ট মনোযোগ দেখা যাচ্ছে না। বরং দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!