ইবির একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের একই কক্ষে থাকা তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিন বন্ধুর মধ্যে দুজন ১৮তম বিজেএস পরীক্ষায় এবং অন্যজন এর আগে ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।
বুধবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে কমিশনের অধীনে সিভিল জজ পদে সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
.png)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত তিন বন্ধু হলেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসাইন, সাকির আলম ও আনোয়ার হোসাইন। আরিফ হোসাইন ১৬তম বিজেএস পরীক্ষায় এবং সাকির আলম ও আনোয়ার হোসাইন ১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনজনই সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর কক্ষে থাকতেন। একই কক্ষে থেকে বিশ্ববিদ্যালয়জীবনের পড়াশোনা ও প্রস্তুতি শেষে তিনজনেরই বিচার বিভাগে প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সিভিল জজ পদে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর মধ্যে ইবির এই দুই শিক্ষার্থীও রয়েছেন।