ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

যমজ সন্তান সামলে বিজেএসে ২৪তম শারমীন

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৬
যমজ সন্তান সামলে বিজেএসে ২৪তম শারমীন
ইবি শিক্ষার্থী শারমীন

সংসার ও যমজ সন্তান সামলে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাক্রমে ২৪তম হয়ে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী শারমীন খাতুন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারাদেশের ২০০ প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

Advertisement

শারমীন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে তাঁর সাফল্যের গল্প অন্যদের তুলনায় কিছুটা আলাদা। পড়াশোনার পাশাপাশি সংসার ও মাতৃত্বের দায়িত্ব সামলেও নিজের বিচারক হওয়ার স্বপ্ন ধরে রেখেছিলেন তিনি।

২০১৫ সালে এসএসসি পাস করার পর ২০১৬ সালে বিয়ে হয় শারমীনের। ২০২১ সালে তিনি যমজ সন্তানের মা হন। এরপর সংসারের দায়িত্ব ও দুই সন্তানকে দেখাশোনার পাশাপাশি চালিয়ে যান পড়াশোনা। নানা ব্যস্ততার মধ্যেও বিজেএস পরীক্ষার প্রস্তুতি নেন তিনি।

শারমীন বলেন, বিজেএসের প্রস্তুতির সময় সন্তান ও সংসার সামলে পড়াশোনার জন্য আলাদা সময় বের করা সহজ ছিল না। তবে নিজের লক্ষ্যে অটল ছিলেন তিনি। এমনকি অসুস্থ সন্তানকে হাসপাতালে রেখে বিজেএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথাও জানান শারমীন।

তিনি বলেন, তাঁর দীর্ঘ পথচলায় স্বামী আশাদুল হক সবসময় পাশে ছিলেন। উচ্চশিক্ষার প্রতি তাঁর আগ্রহকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা উৎসাহ ও সহযোগিতা করেছেন। শিক্ষক, বন্ধু ও পরিবারের সদস্যদের সহযোগিতাও তাঁর সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

শারমীন বলেন, অনার্স-মাস্টার্স শেষ করে বিজেএস পরীক্ষায় অংশ নেওয়ার সময় শুরুতে সন্তান ও সংসারের দায়িত্বের কারণে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় বের করতে পারেননি। তবে নিজের লক্ষ্যে অটল থেকে শেষ পর্যন্ত ১৮তম বিজেএসে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, বিভাগটি প্রতিবছরই জুডিশিয়ারি পরীক্ষায় ভালো ফল করছে। এবারের ফলাফলও সন্তোষজনক। ভবিষ্যতে যারা জুডিশিয়ারিকে পেশা হিসেবে নিতে চান, তাদের সঠিক দিকনির্দেশনা ও একাডেমিক ভিত্তি শক্ত করতে বিভাগ কাজ করবে।

১৮তম বিজেএসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চারজন এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন শিক্ষার্থী সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

আইন বিভাগের সুপারিশপ্রাপ্তরা হলেন—আরিফুল ইসলাম, আসিফ ইসলাম, শফিক শোভন, সাদিয়া আফরিন, হুমায়ন কবির, সালমা খাতুন, শারমীন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, ইয়াসমিন খাতুন, লিখন ও আমজাদ হোসেন।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের তৌহিদুল ইসলাম, এ এইচ হাবিব, নুসরাত জাহান তানী ও রুকনুজ্জামান রায়হান এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের রাজু আহমেদও সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ইবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!