ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে জাবির ভর্তি পরীক্ষা চায় ছাত্রশিবির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, আসন্ন ৫৬তম ব্যাচের ভর্তি পরীক্ষা থেকেই বিভাগীয় পর্যায়ে এ ব্যবস্থা চালু করা হোক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানানো হলেও বর্তমানে বিষয়টি আবারও একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভর্তি-প্রত্যাশী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন কোনো অতিরিক্ত সুবিধা নয়; বরং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়াকে সহজ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-অভিভাবকবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দূরবর্তী জেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় বহন করতে হয়। বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজন করা হলে এসব ভোগান্তি ও ব্যয় কমার পাশাপাশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংগঠনটির দাবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার পদ্ধতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে চলতি মাসে জরুরি একাডেমিক কাউন্সিল সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত এ সভা আয়োজন করে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি দ্রুত নির্ধারণ, ভর্তি-সংক্রান্ত সার্কুলার ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষার সুষ্ঠু ও সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।