দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা এবং কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
.png)
বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবিলা করা হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তারা দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।