ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

নোবিপ্রবিতে নবীনদের বরণ, জুলাই আহতদের সম্মাননা দিল ছাত্রশক্তি

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ৮ নভেম্বর ২০২৬
নোবিপ্রবিতে নবীনদের বরণ, জুলাই আহতদের সম্মাননা দিল ছাত্রশক্তি
নোবিপ্রবিতে নবীনবরণ, জুলাই আহতদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা এবং শিক্ষার্থীদের ভাবনা নিয়ে আয়োজিত কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং জ্যেষ্ঠ নেতা আবদুল হান্নান মাসুদ।

 

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের সময় নয়, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনেরও সময়। বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখতে হবে।

 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং, ছাত্র নির্যাতন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রসংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/এআর
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!