ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অ্যাসেম্বলিতে লুটিয়ে পড়ে মারা গেলেন হলিক্রসের ছাত্রী

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৩৬, ২৭ মার্চ ২০২২
অ্যাসেম্বলিতে লুটিয়ে পড়ে মারা গেলেন হলিক্রসের ছাত্রী
ছবি: সংগৃহীত

অ্যাসেম্বলি চলার সময় অসুস্থ হয়ে শ্যারেন সুসান্ন মল্লিক নামের হলিক্রস কলেজের এক ছাত্রী মারা গেছেন। রোববার সকালে কলেজে অ্যাসেম্বলিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজে অ্যাসেম্বলির সময় হঠাৎ অসুস্থ বোধ করে লুটিয়ে পড়েন শ্যারেন। তাৎক্ষণিক পার্শ্ববর্তী বেসরকারি একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবম শ্রেণিতে পড়ুয়া শ্যারন দুরারোগ্য রোগে ভুগছিল বলে জানিয়েছে তার পরিবার।

Advertisement

শ্যারনের বাবা কাজল ডোমেনিক মল্লিক বলেন, ২০১৯ সাল থেকে আমার মেয়ে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল। দুরারোগ্য রোগে ভুগছিল সে। তার জীবন অনিশ্চয়তার মধ্যে ছিল। ভারতে নিয়েও তাকে চিকিৎসা করা হয়েছিল।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়েই দ্রুত পুলিশ হলিক্রস কলেজে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন ছাত্রীটি দুরারোগ্য রোগে ভুগছিলেন।

নিজ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর এমন মৃত্যুকে খুবই দুঃখের বিষয় উল্লেখ করেন হলিক্রসের সহকারী প্রধান শিক্ষক সিস্টার কল্পনা।

তিনি বলেন, আজ সকালে অ্যাসেম্বলি চলার সময় ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে কলেজ সংলগ্ন একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে ছাত্রীটিকে সুস্থ করতে চিকিৎসকেরাও চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে ছাত্রীটির বাবা-মাও চলে আসেন। তার বাবা-মার সামনেই চিকিৎসক ছাত্রীকে মৃত ঘোষণা করেন। ছাত্রীটি অনেকদিন ধরেই অসুস্থ ছিল। তার বাবা-মাও বলেছিলেন, এ রোগ থেকে ভালো হওয়া সম্ভব নয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!