বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার এসব তথ্য জানিয়েছেন।
এ গোয়েন্দা কর্মকর্তা জানান, ছিনতাই করতে গিয়েই তারা বুলবুলকে ছুরিঘাত করে। এর সঙ্গে ঐ চিকিৎসকের ‘ঠিকাদারি ব্যবসার বিরোধের কোনো বিষয় নেই’।
.png)
হাফিজ আকতার জানান, হত্যায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রায়হান (২৭), রাসেল (২৫), আরিয়ান (২৩), সোলায়মান (২৩)। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার চারজন ‘পেশাদার ছিনতাইকারী’। তাদের দলে মোট পাঁচজন ছিল।
উল্লেখ্য, গত রোববার ভোর সাড়ে পাঁচটায় রাজধানীর শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৭৮ নম্বর পিলারের কাছে ছুরিকাহত হন দন্ত চিকিৎসক বুলবুল। তাকে প্রথমে ঐ এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় নেয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তার মৃত্যু হয়।
বুলবুল দন্ত চিকিৎসক হিসেবে মগবাজারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি গত পাঁচ বছর ধরে ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও চালাতেন। তিনি ‘পথশিশু সেবা সংগঠন’সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনেও যুক্ত ছিলেন।
রোববার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার।