ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:০০, ২ জুলাই ২০২২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ফাইল ফটো

রাজধানীতে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। গুলিস্তান, আগারগাঁও, যাত্রাবাড়ী ও খিলগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের ১ নং গেটের বিপরীত পাশে সবশেষ দুর্ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে তানজিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় জাহাঙ্গীর মাতুব্বর (৩৫) নামে এক পথচারী নিহত হন। 

Advertisement

পল্টন থানার এএসআই মহসিন হাবিব মৃধা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিস্তান পার্টি অফিসের পূর্ব পাশে সড়কে পথচারী সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাস তানজিল পরিবহন তাকে চাপা দিলে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার দিবাগত রাতে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রাকের ধাক্কায় পথযাত্রী অজ্ঞাত যুবক (৩০) গুরুতর আহত হযন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে গতকাল শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান খোকন (৩০) নামে যুবক আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশেই নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নিয়ে যান। সংবাদ পেয়ে স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন হাবিবুরের বাবা আকবর আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ট্রাক চাপায় মো. সিদ্দিক আলী (৩৪) নামে ট্রাকের এক সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে কাগজ বোঝাই করে নিয়ে যাওয়ার পথে মাতুয়াইল এলাকায় ট্রাকটি ঘোরানোর সময়ে হেলপার সিদ্দিক পেছন থেকে সিগনাল দিচ্ছিলেন। এ সময় ঐ ট্রাকেরই চাপা খেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

একই দিন ভোরে নন্দিপাড়া স্কুল রোডে খিলগাঁও নন্দিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমেনা বিবি (৮০) নামে এক বৃদ্ধা নিহত হন। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার এসআই মোসাম্মাৎ সোনিয়া পারভীন জানান, নন্দিপাড়া এলাকায় স্বামী জহির উদ্দিনসহ পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন আমেনা বিবি। তিনি সকালে বাসার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!