ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বোটানিক্যাল গার্ডেনে ৬০ পাখি অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ২২ জুলাই ২০২২
বোটানিক্যাল গার্ডেনে ৬০ পাখি অবমুক্ত
বোটানিক্যাল গার্ডেনে পাখিগুলো অবমুক্ত করা হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে ৬০টি দেশীয় পাখি উদ্ধারের পর সেগুলো বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে- ১টি ময়না, ৩২টি টিয়া, ৯টি ঘুঘু, ১টি চিল ও ১৭টি শালিক।

শুক্রবার অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অফিসের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক নিগার সুলতানা।

নিগার সুলতানা বলেন, অবৈধ বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনে সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুরের পাখির বাজারে অভিযান পরিচালনা করি। সেখানে বিভিন্ন খাঁচায় বন্দি অবস্থায় ৬০টি বন্যপ্রাণী উদ্ধার করি। তবে, অবৈধ ব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে উদ্ধারকৃত পাখিগুলোকে অবমুক্ত করি।

Advertisement

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী দেশীয় পাখী ধরা, মারা, ক্রয়-বিক্রয় ও বহন করা দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধের জন্য অপরাধীরা ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে অনেকেই এখনো জানেন না যে, ময়না, টিয়া, মুনিয়া, ঘুঘু, শালিকসহ দেশীয় যেকোনো বন্যপ্রাণী লালন-পালন করা অপরাধ। এসব লালন-পালন করার অপরাধে জেল-জরিমানা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!