অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
রাজধানীতে চলন্ত বাসে শাহেব আলী (৪৫) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন।
রোববার বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শাহেব আলীর শ্যালক মো. রতন জানান, শাহেব আলী পরিবার নিয়ে কেরানীগঞ্জ কলাতিয়া এলাকায় থাকেন। চকবাজারে ‘বেপারী স্টোর’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। সকালে মালামাল নিয়ে উত্তরা গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকাও তোলেন। পরে দুপুরে একটি বাসের স্টাফ তার মোবাইল থেকে তাদের ফোন দিয়ে জানান বাসের ভেতর অচেতন হয়ে আছেন তিনি।
.png)
তিনি জানান, পরে স্টাফরা তাকে বাস থেকে আজিমপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে নেয়া হয়। তার কাছে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকা ছিল। সেই টাকা খোয়া গেছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ওসি মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে শাহেব আলী নামের ব্যক্তির পাকস্থলী ওয়াশ করা হয়েছে। বর্তমানে তাকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।