এর আগে, মঙ্গলবার ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।
সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে মাঠে কাজ করছে বোম্প ডিসপোজাল ইউনিট।
.png)
ভয়ংকর এ ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাহজালাল জানান, বিকাল সাড়ে চারটার দিকে হঠাৎ বিকট একটি শব্দ হয়। এসে দেখি মানুষ পড়ে আছে, চিল্লাচিল্লি করছে। লোহার গেট, ভবনের দেওয়াল ভেঙে রাস্তায় পড়েছে। একটা বাস ঐ ভবনের সামনে ছিল। বাসের যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় একটি দোকানের কর্মচারী সম্রাট ঘটনার বর্ণনায় বলেন, কস্তুরী হোটেল থেকে খাবার খেয়ে আমি মাত্র বের হয়েছি। তারপরই বিকট শব্দে ধোঁয়া শুরু হয়। ১০০ জনের ওপরে মানুষ আহত হয়েছে। মনে হয় ফিল্ম দেখতাছিলাম। মানুষ উইড়া উইড়া যাচ্ছে চারদিকে। ওপর থেকে যখন গ্লাসগুলো আসতেছে, তখন মনে হয় শুটিংয়ে যেভাবে মানুষের শরীরে ঢুকে যায়, ঠিক সে রকম পরিস্থিতি দেখছিলাম।
এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন মারা গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও ১৪ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।