ফরহাদ হোসেন জানায়, সে বিকেল থেকেই আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে। ফায়ার সার্ভিসের দেওয়া পানি রাস্তা থেকে জারে ভরে দেয়। তার সঙ্গে আরো কয়েকজন যুবককে এই কাজ করতে দেখা যায়। তারা বঙ্গবাজার মার্কেটের ছোট ছোট আগুন নেভাতে পানি দেন।
ফরহাদ হোসেন রায়ের বাজার মুজাহিদনগর মাদরাসার আমপাড়া বিভাগে পড়ে। তার বাবা ফারুক হোসেন আনারস বিক্রি করেন। আগুনের খবর পেয়ে সে মাদরাসা থেকে বঙ্গবাজারে এসেছে।
.png)
এদিকে এখনো এনেক্সকো টাওয়ারের ৫ম তলায় এখনো আগুন জ্বলছে। এনেক্সকো ভবনের পূর্ব দিকে আগুনের তীব্রতা এখনো চোখে পড়ার মতো। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানো অব্যাহত রেখেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করছেন, আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে। অর্থাৎ এটি আর ছড়ানোর আশঙ্কা নেই। আগুনের তীব্রতা কমিয়ে আনতে পানি ছিটিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।