২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
দক্ষিণের মেয়র বলেন, এবার জাতীয় ঈদগাহ সুষ্ঠুভাবে প্রস্তুত করা হয়েছে। সেজন্য ভোর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পরও (ঈদের জামাত আদায়ে) কোনোরকম অসুবিধা হয়নি। সব মুসল্লি অত্যন্ত সুষ্ঠুভাবে জামাতে নামাজ আদায় করতে পেরেছেন। সেভাবেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আল্লাহর রহমতে আজকে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
.png)
ভবিষ্যতেও প্রতিকূল আবহাওয়া কথা মাথায় রেখে ঈদের জামাতের প্রস্তুতি রাখা হবে জানিয়ে মেয়র বলেন, প্রতিকূল আবহাওয়ায় আমরা সুষ্ঠু পরিবেশ রাখতে সক্ষম হয়েছি। বৃষ্টির কারণে অনেকে সমবেত হতে পারেননি। তারপরও যারা এসেছেন, তাদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন।
গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে আরো বেশি সুফল দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কোবরানির ঈদ তথা ঈদুল আযহাকে কেন্দ্র করে কোবরানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে আমাদের দুই সিটির ব্যাপক কর্মযজ্ঞ থাকে। এরইমধ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের প্রায় সাড়ে তিনশ’র ওপর যান-যন্ত্রপাতি নিয়োজিত রয়েছে। বিভিন্ন বহির্বিভাগ থেকেও গাড়ি এবং যান-যন্ত্রপাতি এনেছি। প্রায় ১০ হাজার জনবল নিয়োজিত থাকবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ হয়েছে। গতবারের ন্যায় এবারও ২৪ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হব বলে আমরা আশাবাদী।