শুক্রবার র্যাব-৩ জানায়, সহজ ডটকমের অফিস সহকারীসহ ৯ জনকে বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন- মিজান ঢালী, মো. সোহেল ঢালী, মো. সুমন, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজালাল হোসেন, মো. রাসেল, মো. জয়নাল আবেদীন, মো. সবুর হাওলাদার ও নিউটন বিশ্বাস। এদের মধ্যে সহজ ডটকমের অফিস সহকারী মিজান ঢালী ও অপারেটর এবং দুজনসহ টিকিট কালোবাজারি রয়েছেন। এদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করা ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।
.png)
র্যাব জানায়, দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি ঢালী সিন্ডিকেটের হোতা মিজানের নেতৃত্বে চক্রটি সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের প্রায় সব ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। মিজান দীর্ঘদিন ধরে রেলওয়ের টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। ২০০৩ সালে সে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ডেফোডিল এর কমলাপুর রেলস্টেশন শাখায় পিয়ন হিসেবে যোগ দেয়।
পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ের টিকেট বুকিংয়ে সিএনএসডটবিডি এর সঙ্গে চুক্তিবদ্ধ হলে, অভিজ্ঞ কর্মী হিসেবে তাকে চাকরিতে পুনঃবহাল রাখা হয়। সর্বশেষ ২০২০ সালে রেলওয়ে টিকেটের চুক্তি সহজ ডটকমকে দেওয়া হলে সেখানেও মিজানের চাকরি বহাল থাকে।
এদিকে দীর্ঘদিন টিকিটের দায়িত্বপ্রাপ্ত চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থাকায় দেশব্যাপী বিভিন্ন স্টেশনের সহজ ডটকমের অফিসে এবং বড় বড় রেলওয়ে স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার পরিচিতি বাড়ে। এ সুযোগে বিভিন্ন স্টেশনে থাকা সহজ ডেটকমের সদস্য, টিকিট কাউন্টার ও অন্যান্য কালোবাজির চক্রের সদস্যদের সমন্বয়ে বিভিন্ন কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ টিকিট বিক্রি করতো।
সহজ ডটকমের কমলাপুর রেলস্টেশন সার্ভার রুমের সার্ভার অপারেটর গ্রেফতার করা নিউটন বিশ্বাস, স্টেশন রিপ্রেজেন্টেটিপ সবুর হাওলাদারসহ এবং পলাতক আব্দুল মোত্তালিব, আশিকুর রহমানসহ আরো কয়েকজন এ টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রয়েছেন।