রাজধানীতে ৪১ চাঁদাবাজ গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত চার দিনে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানায়, চাঁদাবাজির নির্দিষ্ট অভিযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মকাণ্ডের ওপর নজরদারির ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন খাত ও জনবহুল এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে