চট্টগ্রামে এক সপ্তাহে শনাক্ত সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১২ দশমিক ৮৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ২৬৩ জন, মিরসরাইয়ের ৩১ জন, রাউজানের ২৩ জন, সীতাকুণ্ডের ১৫ জন, ফটিকছড়ির ১২ জন, হাটহাজারীর ১১ জন, লোহাগাড়ার আটজন, পটিয়ার আটজন, বোয়ালখালীর সাতজন, আনোয়ারার সাতজন, সাতকানিয়ার পাঁচজন, চন্দনাইশের পাঁচজন, রাঙ্গুনিয়ার পাঁচজন, বাঁশখালীর চারজন ও সন্দ্বীপের তিনজন রয়েছেন।
.png)
এর আগে, সোমবার ৫৩০, রোববার ৩৬১, শনিবার ৫৭৪, শুক্রবার ৫৩৯, বৃহস্পতিবার ৫৮০ ও বুধবার ৫৪৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। অর্থ্যাৎ, গত ২৪ ঘণ্টাসহ এক সপ্তাহে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৩০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯০ হাজার ২৫৫ জন ও উপজেলা পর্যায়ে ৩৩ হাজার ৭১৮ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৭৩ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬০ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৬ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।