বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, তবে কমেছে সংক্রমণ
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৫ হাজার ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৯ লাখ ৭৪ হাজার ৪৬৮ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬৮ হাজার ২৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৩ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ২৯৭ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে শুরু থেকেই আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
.png)
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯২০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৬৬০ জনের।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ১১৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ৪৪৬ জন মারা গেছেন।
আরো পড়ুন>>> ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের সীমান্ত পেরোতে বাধা ও মারধর
এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানি কিছুটা বেড়েছে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭০৩ জন এবং মারা গেছেন ৬২৯ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৭৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭৪ হাজার ৯৯৮ জন মারা গেছেন।
আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৫১৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৬২০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৪৪৩ জনের।
প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৮৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার ১৫ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২৭৫ জন এবং মারা গেছেন ২১৩ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৮১ জন এবং মারা গেছেন ২০৭ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ২৬২ জন।
এছাড়া গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ২৩২ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৭ লাখ ২ হাজার ৮১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৩৬৭ জন মারা গেছেন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিলিতে ১৫৩ জন, আর্জেন্টিনায় ৩২ জন, ইরানে ২০৭ জন, জাপানে ১৭৬ জন, রোমানিয়ায় ৫৭ জন, ফিলিপাইনে ৫০ জন, দক্ষিণ আফ্রিকায় ১৮৩ জন, দক্ষিণ কোরিয়ায় ১১৪ জন এবং মেক্সিকোতে ৭২ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।