মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে শনাক্ত ৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক ৬০ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল সাত দশমিক ২০ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর তিনজন, ফটিকছড়ির তিনজন ও রাঙ্গুনিয়ার একজন রয়েছেন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৭৯১ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৮৪ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৬৭৫ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।