ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়মিত দোকানদারি করছেন করোনা রোগী

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ১৩ জুন ২০২০
নিয়মিত দোকানদারি করছেন করোনা রোগী
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির খোঁজ নিতে গিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা চরম হতাশ হলেন। প্রথমে জানতে পারেন তিনি বাসায় নেই। পরে পরিবারের সদস্যদের কাছে তার অবস্থান জানতে চাইলে তারাও কোনো হদিস দিতে পারেননি। এমন পরিস্থিতিতে কিছুক্ষণ পরই বাড়ি ফিরলেন ওই ব্যক্তি। জানতে চাইলে বলেন, তিনি বাজারে ডাক্তারের কাছ থেকে ফিরছেন। তবে তার কথার কোনো সত্যতা পায়নি স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার ফেনী শহরের রামপুর এলাকার আলী আহমদ সওদাগর বাড়িতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে এ চিত্র দেখতে পান।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহারসহ ফেনী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, শুধু শুক্রবারই নয়, গত ক’দিন ধরেই তিনি নিয়মিত দোকানদারি করছেন। ওই ব্যক্তি শহরের বড় বাজারের জামান রোডের খুরশিদ ব্রাদার্সের মালিক।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ১ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে পাঠানো নমুনা প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে।

সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, বাড়ির বাইরে যাতে বের না হতে পারেন, সেজন্য ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা ছাড়া আর যেন বাড়ির বাইরে বের না হন সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!