ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবুজ মাঠে বেগুনি ধানে বিস্ময়

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৪১, ১৩ এপ্রিল ২০২১
সবুজ মাঠে বেগুনি ধানে বিস্ময়
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকায় বেগুন রঙের ধানক্ষেত।

ফসলের মাঠে চতুর্ভুজ ও মাঝখানে বৃত্ত আকৃতির বেগুনি রঙের ধান গাছের দেখা মিলেছে। অনেকটা জাতীয় পতাকা আকৃতির মতো দেখতে। 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকায় নূরে আলম সিদ্দিকী প্রথমবার ভিন্ন রঙের এই ধান চাষ করে স্থানীয় পর্যায়ে কৌতূহলের জন্ম ও বিস্ময়ের সৃষ্টি করেছেন। নূরে আলম ধানশাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

জানা গেছে, দেশে প্রথম বেগুনি রঙের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এই ধান। এ ধানের নাম ‘পার্পল লিফ রাইস’। এই ধান গাছের পাতা ও কাণ্ডের রং বেগুনি। এর চালের রং ও বেগুনি। তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত এ ধানের পরিচিতি বেগুনি রঙের ধান বা রঙিন ধান। 

Advertisement

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকায় বেগুন রঙের ধানক্ষেত।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে সবুজ ধান ক্ষেতের চতুর্ভুজ ও মাঝখানে বৃত্ত আকৃতির বেগুনি রঙের ধানের আবাদ। চারদিকে বিস্তৃত সবুজ ধান ক্ষেতের মধ্যে বেগুনি রঙের এই ধান গাছ দেখে কেউ কেউ থমকে দাঁড়িয়ে জানার চেষ্টা করছেন। অনেকেই তুলছেন সেলফি। 

নূরে আলম সিদ্দিকী জানান, ইউটিউবে বেগুনি রঙের ‘পার্পল লিফ রাইস’ নামের এ ধান চাষ দেখেন। পরে তার মাঝেও এ ধান চাষের আগ্রহ জাগে। এ ধানের বীজ সংগ্রহের অনেক চেষ্টার পর, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের মাধ্যমে স্থানীয় আদিবাসী এক কৃষকের মাধ্যমে বীজ সংগ্রহ করেছেন। এখন পরীক্ষামূলকভাবে ১০ শতক জমিতে ধান রোপণ করেছেন। 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকায় বেগুন রঙের ধানক্ষেত।

তিনি আরো জানান, প্রায় এক একর জমিতে ‘বাংলা মতি’ ও কাটারিবুগ’ নামের দুই জাতের ধানের চারা রোপণ করেছেন। এসব ধানের ফলন কী রকম হবে, তা দেখার পর ভবিষ্যতে আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন এই ধান দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। অনেক কৃষক এই ধান চাষ করতে বীজ চেয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

দাঁড়িয়ারপাড় এলাকার কৃষক তারেক হোসাইন বলেন, প্রথমে দেখে ভেবেছিলাম, ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। পরে জিজ্ঞেস করার পর জানতে পারলাম, এটি বেগুনি রঙের ধান। দেখতে যেন বাংলাদেশের জাতীয় পতাকা। আগামীতে আমিও চাষ করব ইনশাল্লাহ।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল এলাকায় বেগুন রঙের ধানক্ষেত।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এর আগে কখনো এ উপজেলায় এ ধানের চাষ দেখিনি। বেগুনি ধান চাষ হওয়ার খবর শুনেছেন তারা। এই ধানের পুষ্টিমান বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ চালের ভাত খেতেও সুস্বাদু। এই ধান ডায়েবেটিস রোগীদের বেশ উপকারী। ফলন ভালো হলে উৎপাদিত ধানগুলো বীজ আকারে রাখা হবে। 

এছাড়া ভবিষ্যতে ধানের আবাদ বৃদ্ধির চিন্তা করছেন বলে জানিয়েছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!