ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় শহরসহ ৪২ গ্রাম প্লাবিত

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ২৬ মে ২০২১
বরগুনায় শহরসহ ৪২ গ্রাম প্লাবিত
(ছবি: সংগৃহীত)

ভরা পূর্ণিমার জোয়ার আর ঘূর্ণিঝড় যশের প্রভাবে বরগুনা জেলার বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরসহ ৪২টি গ্রাম নিমজ্জিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বরগুনা জেলা শহরে সমস্ত সড়ক ব্যবসা প্রতিষ্ঠান বসতঘর, সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে পাড়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জেলার ৬টি উপজেলার ৪২টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমতলী নিমতলী ৪১ পোল্ডারের বেড়িবাঁধ ভেঙে চালিতাতলী, আমতলী, নিমতলী, মাদারতলী, মাইঠা গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ সংলগ্ন জেলায় মোট ১০টি আবাসন প্রকল্পে পানি ঢুকে পড়ায় শতাধিক পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

Advertisement

এদিকে জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, এরমধ্যে তাদেরকে খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তালতলী উপজেলার জোয়ালভাঙ্গা নিশানবাড়ীয়া বড় বগী কড়ইবাড়িয়া এলাকায় বিভিন্ন বাঁধ ভেঙে গ্রাম তলিয়ে গেছে। পাথরঘাটা উপজেলার রোহিতা চরদুয়ানী পদ্মা এলাকায় গ্রামে পানি ঢুকে পড়েছে। বরগুনার সদর উপজেলার নলটোনা ঢলুয়া বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বেড়িবাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকে পড়ায় বর্তমানে জনমনে শঙ্কা দেখা দিয়েছে।

বেলা ১১টার দিকে থেমে থেমে বৃষ্টি এবং প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে। বরগুনার শহরে পানি ঢুকে পড়ায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলার প্রায় সবগুলো মাছের ঘের পানিতে তলিয়ে রয়েছে।

কৃষকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর থেকে লবণ পানি ঢুকে পড়ায় কৃষি ফলনে ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাথরঘাটা উপজেলার প্রায় ৫ হাজার জেলে তাদের মাছ ধরা ট্রলারসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!