ছাগল তাড়ানোয় কিল-ঘুসি, তিন মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাগল তাড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাত হয়েছে। গুরুতর অবস্থায় তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় বিথির মা হালিমা বেগম ৩ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা করেছেন। মামলার ভিত্তিতে একজনকে গ্রেফতার করে শনিবার দুপুরে মুন্সীগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, শুক্রবার বিকেলে এএসআই আজিজের নেতৃত্বে ভবেরচর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে বাবুল সরকারকে গ্রেফতার করা হয়।
.png)
ভুক্তভোগী অন্তঃসত্ত্বা স্ত্রী বিথি বেগম বলেন, গত ১৪ মার্চ দুপুরে আমাদের বাড়ির উঠানে রোদে দেওয়া বরই নষ্ট করছিল প্রতিবেশী বাবুল সরকারের ছাগল। আমি বরইয়ের উপর থেকে ছাগল তাড়িয়েছি বলে বাবুল সরকারের ছেলে রানা সরকার আমাকে মারধর করে ও তলপেটে কিল-ঘুষি মেরে আহত করে। ঐ ঘটনায় আমার গর্ভের বাচ্চা গত ১৫ মার্চ ভবেরচর হাসপাতাল রোড এলাকার সেইফ লাইফ ডায়াগনোস্টিক সেন্টারে গর্ভপাত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এএসআই আজিজ বলেন, গত ১৪ মার্চ ছাগল তাড়ানোকে কেন্দ্র করে উপজেলার ভবেরচর গ্রামের বাবুল সরকারের ছেলে রানা সরকার অন্তঃসত্ত্বা বিথিকে মারধর করে। পরে বিথির মা হালিমা বেগম তিনজনকে আসামি করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে বাবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।