ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা-মেয়েকে হত্যার পর নদীতে লাশ, ২৮ জনের নামে মামলা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ৩ এপ্রিল ২০২২
বাবা-মেয়েকে হত্যার পর নদীতে লাশ, ২৮ জনের নামে মামলা
(ছবি: সংগৃহীত)

জামালপুরের সরিষাবাড়ীতে বাবা-মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাত গত মঙ্গলবার রাতে নিখোঁজ হন। নিখোঁজের ৩৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে তাদের লাশ বাড়ির পাশের ঝিনাই নদীতে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। পুলিশ ময়নাতদন্ত শেষে একইদিন সন্ধ্যায় পরিবারের কাছে বাবা-মেয়ের লাশ হস্তান্তর করে।  

Advertisement

শুক্রবার সকালে তাদের লাশ দাফন করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর বড় ভাই আজাহার আলী ও তার জামাতা মোহাম্মদ আলীর সঙ্গে আব্দুল আজিজের শত্রুতা সৃষ্টি হয়। এর জের ধরে খুন হন আব্দুল আজিজ ও মেয়ে জান্নাত। আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। দুই এক মাসের ছুটিতে দেশে এসে মেয়ে জান্নাতসহ খুন হন তিনি।

সূত্র আরো জানায়, ধার দেওয়া সিমেন্ট ফেরত চাইতে গিয়ে গত ২৩ মার্চ খোরশেদ আলীর ছেলে ফজলুর রহমান মারধরের শিকার হন। এ নিয়ে দুই পরিবারে বিরোধ আরো চরম আকার ধারণ করে। পরে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে দুই পরিবার। মামলায় মোহাম্মদ আলী পক্ষের বাবু মিয়া, আব্দুর রশিদ ও তার ছেলে সাগর মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা গত মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার রাতেই লাঠি-সোঠা নিয়ে আজাহার আলী ও মোহাম্মদ আলী লোকজন নিয়ে ফের খোরশেদ আলম ও আব্দুল আজিজের বাড়িঘরে হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে আব্দুল আজিজ তার একমাত্র মেয়ে জান্নাতকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা আব্দুল আজিজ ও তার মেয়েকে ধরে ফেলেন। পরে তাদেরকে বাড়ির পাশের ঝিনাই নদীর পাড়ে নিয়ে যান। সেখানে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে তাদেরকে নদীতে ফেলে দেন হামলাকারীরা। তারপর থেকে আব্দুল আজিজ ও তার মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ঝিনাই নদীতে আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাতের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এসআই (তদন্ত) আব্দুল মজিদ জানান, রোববার সকালে নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!