ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

‘গরিবের ডাক্তার’ বুলবুল হত্যা মামলায় দুই ছিনতাইকারীর দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৪০, ৩ এপ্রিল ২০২২
‘গরিবের ডাক্তার’ বুলবুল হত্যা মামলায় দুই ছিনতাইকারীর দোষ স্বীকার
গরিবের ডাক্তার খ্যাত দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল- ফাইল ফটো

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছুরিকাঘাতে গরিবের ডাক্তার খ্যাত দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহতের ঘটনায় করা মামলায় দুই ছিনতাইকারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। রোববার ঢাকার পৃথক দুই মহানগর হাকিম আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এদিন দুই আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন।

এরপর তদন্ত কর্মকর্তা আসামিদের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম আসামি সোলাইমানের এবং ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আরিয়ান ওরফে হাফিজুলের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

Advertisement

এর আগে, ৩১ মার্চ তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর হত্যার ঘটনায় মিরপুর মডেল থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- চক্রের মূলহোতা মো. রায়হান ওরফে সোহেল আপন (২৭), সদস্য রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) ও সোলায়মান (২৩)।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহত হন। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এরপর মিরপুর মডেল ও পল্লবী থানা এলাকা এবং ঢাকার সাভার থানার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চিকিৎসকের ব্যবহৃত মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!