ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে অসময়ে ভারি বর্ষণ, পানির নিচে বোরো ফসল

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ১৪ এপ্রিল ২০২২
কুড়িগ্রামে অসময়ে ভারি বর্ষণ, পানির নিচে বোরো ফসল
পানিতে তলিয়ে যাওয়া বোরো ফসল-ছবি ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে চৈত্র মাসের শেষের দিকে প্রতিদিনেই হচ্ছে ভারি বর্ষণ। কয়েকদিনের বর্ষণ ও উজানের পানির ঢলে এখানকার ১৬ নদ-নদীর তীরবর্তী এলাকার বোরো ধান, পেঁয়াজ, ভুট্টা ও শাকসবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদ-নদী তীরবর্তী রাজারহাট, কুড়িগ্রাম সদর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর, উলিপুর, ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার উঁচু ও চরাঞ্চলগুলোতে বোরো ধান, পেঁয়াজ, ভুট্টা, বাদাম, মরিচ, পটল, ঝিংগাসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। 

কয়েকদিন ধরে এসব ফসল পানির নিচে ডুবে থাকায় শত শত কৃষক ফসল নষ্টের আশঙ্কায় পড়েছেন বিপাকে। বিশেষ করে চলতি বোরো ক্ষেত নিয়ে চরম হতাশায় পড়েছেন এসব এলাকার কৃষকরা। পানিতে ডুবে থাকা বোরো ক্ষেত পঁচে গলে যাবে এমন আশঙ্কা তাদের।

Advertisement

ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর তীরবর্তী এলাকার কৃষক আবুল কাশেম বলেন, আমি এবার ৫ বিঘা জমিতে বোরো চাষ করি। বোরো ধানের আবাদ খুব সুন্দর হয়। আশা ছিল ফলন ভালো পাব। কিন্তু চৈত্রের বান আমার ৫ বিঘা জমির সব ফসল ডুবিয়ে দেয়। এবার ঘরে বোরো ধান উঠবে না।

একই এলাকার কৃষক জাহেদুল হক বলেন, এবার চৈত্র মাসের বৃষ্টি আমাদের চরম ক্ষতি করলো। আমার বোরো ধানের ক্ষেত পানির নিচে ডুবে গেছে।

চিলমারী উপজেলার অষ্টমীর চরের কৃষক আবু বকর সিদ্দিক বলেন, চরের জমিতে মরিচ, পটল চাষ করেছি, ঝিঙা চাষ করেছে। সব অসময়ের পানিতে তলিয়ে শেষ হয়ে গেছে। অন্যান্য বছর এ সময় পানি না আসলেও এবার এসে সব শেষ করে দিল।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সরকার রাজু জানান, আবহাওয়া পরিবর্তনের ফলে চৈত্র মাসে কুড়িগ্রামে অবিরাম বর্ষণ ধারা বয়ে যাচ্ছে। এটি একটি বিরল ঘটনা।

এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুর রশীদ জানান, চৈত্রের বর্ষণ ধারায় কুড়িগ্রামের ৯টি উপজেলার নদ-নদী তীরবর্তী এলাকার বোরো ধানসহ বিভিন্ন ফসলি জমিতে পানি ওঠে। এরই মধ্যে চরাঞ্চলের প্রায় ৬০০ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!