ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে এলো গমভর্তি জাহাজ, কমবে দাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ২২ মে ২০২২
চট্টগ্রামে এলো গমভর্তি জাহাজ, কমবে দাম
ফাইল ছবি

৫২ হাজার ৫০০ টন সরকারি গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে ‘এমভি ভি স্টার’ নামে একটি জাহাজ। শনিবার প্রতিবেশী দেশ ভারত থেকে গমগুলো নিয়ে আসে জাহাজটি। উদ্ভিদ সংগনিরোধ সনদসহ নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া শেষে সোমবার থেকে এসব গম ছোট জাহাজে পতেঙ্গায় সরকারি খাদ্য বিভাগের সাইলো জেটিতে খালাস করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল কাদের বলেন, চলতি মাসে দুটি সরকারি গমের চালান এসেছে। দ্রুত এসব গম সারা দেশে খাদ্য বিভাগের গুদামে পৌঁছে দেয়া হচ্ছে। পাইপ লাইনে আরো দুটি জাহাজ আছে। সরকারি চ্যানেলে এসব গম বিক্রি বা বিতরণ করা হবে।

সূত্র বলছে, দেশে বছরে গমের চাহিদা ৭৫ লাখ টন। এর মধ্যে ১১ লাখ টন দেশেই উৎপাদন হয়। বাকিগুলো করা হয় আমদানি। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) দেশে গম এসেছে ৫৫ লাখ ৪৬ হাজার টন।

Advertisement

তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বেড়েছে গমের চাহিদা ও দাম। এ অবস্থায় প্রতিবেশী দেশ ভারত গম রফতানি সীমিত করার ঘোষণা দিলে দেশের পাইকারি বাজারে বেড়ে যায় গমের দাম। যার প্রভাব পড়ে আটা-ময়দার দামে। সেই ধারাবাহিকতায় বেড়ে যায় পাউরুটি, বিস্কুট, পরোটাসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাব বলছে, বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে দ্রুত গমের আমদানি বাড়ছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আর গম আমদানিতে বিশ্বের শীর্ষস্থানীয় ১০ দেশের তালিকায় বাংলাদেশ পঞ্চম।

অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে- দেশে গত অর্থবছর গম আমদানি করা হয় ৫৩ লাখ ৪২ হাজার টন। এর মধ্যে সরকার আমদানি করে চার লাখ ৭৮ হাজার টন। বাকিটা আসে বেসরকারি খাতের মাধ্যমে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, অন্যান্য বছরের চাহিদা মাথায় রেখে সরকারি-বেসরকারি পর্যায়ে গম আমদানি হয়েছে। ভারত থেকে সরকারিভাবে গম আনতে বাধা নেই। ডলারের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।  

তিনি বলেন, মধুমাসের মৌসুম হওয়ায় এখন দেশি আম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, কলা পাওয়া যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে আটা, ময়দার চাহিদা নিম্নমুখী হবে। ফলে উদ্বেগের কিছু নেই। যে গমের মূল্য কয়েকদিন আগে মণপ্রতি ১৫৫০ থেকে ১৬০০ টাকা ছিল, তা এখন বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!