ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চট্টগ্রাম টেস্টে ড্র মেনে নিল বাংলাদেশ-শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৫, ১৯ মে ২০২২
চট্টগ্রাম টেস্টে ড্র মেনে নিল বাংলাদেশ-শ্রীলংকা
ছবি: সংগৃহীত

পঞ্চম দিনের প্রথম সেশন শেষে কিছুটা উত্তেজনা দেখা দিলেও শেষ পর্যন্ত ড্র হল চট্টগ্রাম টেস্ট। শ্রীলংকার দুই ব্যাটার দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলার দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে মাঠে নামা হয়নি বাংলাদেশের। লংকানদের লিড ১৯২ রানে পৌঁছালে দুই দলই ড্র মেনে নিলে ম্যাচের ইতি ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোমাঞ্চ জাগানো এই ম্যাচে টস ভাগ্য এসেছিল শ্রীলংকার পক্ষে। অ্যাঞ্জেলো ম্যাথিউজের ১৯৯, দীনেশ চান্দিমালের ৬৬ ও কুশল পেরেরার ৫৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে শ্রীলংকা সংগ্রহ করে ৩৯৭ রান।

এই ইনিংসে বল হাতে একাই ৬ উইকেট শিকার করেন ১৫ মাস পর টেস্ট একাদশে ফেরা নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ১৩৩, মুশফিকুর রহিমের ১০৫, লিটন দাসের ৮৮ ও মাহমুদুল হাসান জয়ের ৫৮ রানের ইনিংসে ৪৬৫ রান জড়ো করে বাংলাদেশ।

Advertisement

প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পায় স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ সেশনে তার জবাব দিতে নেমে ম্যাচের বাকি অংশ পুরোটাই ব্যাট করেছে লংকানরা। ১৬১ রানে লংকানদের ৬ উইকেটের পতন ঘটিয়ে জয়ের স্বপ্ন দেখলেও চান্দিমাল ও ডিকওয়েলার ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচকে ধীরে ধীরে ড্রয়ের দিকে এগিয়ে নেয়। 

বাংলাদেশের পক্ষে এই ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। লংকানদের পক্ষে ডিকওয়েলা ৯৬ বলে ৬১ ও চান্দিমাল ১৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৫২ রান করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।

সংক্ষিপ্ত স্কোর 

টস: শ্রীলংকা

শ্রীলংকা ১ম ইনিংস: ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৫/৯ (১৭০.১ ওভার)
তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮, সাকিব ২৫, তাইজুল ৩০, শরিফুল ৩ রিটায়ার্ড আউট
রাজিথা ৬০/৪, আসিথা ৭২/৩, ধনঞ্জয়া ৪৮/১, এম্বুলদেনিয়া ১০৪/১

শ্রীলংকা ২য় ইনিংস: ২৬০/৬ (৯০.১ ওভার)
ডিকওয়েলা ৬১, করুনারত্নে ৫২, কুশল ৪৮, চান্দিমাল ৩৯*
তাইজুল ৮২/৪, সাকিব ৫৮/১

ফল: ম্যাচ ড্র।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!