ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটনায় যাত্রীবাহী ট্রলার ডুবি 

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২১:২৯, ৩১ মে ২০২২
ইটনায় যাত্রীবাহী ট্রলার ডুবি 
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় বকুলা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া রবিন নামে ৯ মাস বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার সকালে মিঠামইনের ঢাকী বাজার থেকে চামড়াঘাট অভিমুখে যাত্রী নিয়ে ঐশী পরিবহন নামে একটি ট্রলার ইটনা উপজেলার এলংজুরী ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধনু নদীতে ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ট্রলারডুবিতে নিহত বকুলা মিঠামইন উপজেলার ঢাকী মুন্সিহাটির মৃত সালেক মিয়ার স্ত্রী। অন্যদিকে নিখোঁজ শিশু রবিনের বাড়ি ইটনার এলংজুরীতে বলে স্থানীয়রা জানিয়েছেন।
 
স্থানীয়রা জানান, ঢাকী বাজার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঐশী পরিবহন চামড়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি সকাল ৯টার দিকে এলংজুরী বাজার ঘাটে মোড় দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়।
 
এ সময় স্থানীয়দের সহায়তা যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ট্রলারের ভেতরে থাকা বকুলা বেগম সেখানেই আটকা পড়েন। তাকে ট্রলারের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্যা জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এছাড়া এলংজুরি নৌ-ফাঁড়ির পুলিশদের উদ্ধার কাজে সহযোগিতার নির্দেশ দেয়া হয়। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!