নিহতরা হলেন- পিকআপচালক জিন্নাত। তিনি কিশোরগঞ্জ সদর থানার হয়বতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে। অপরজন পিকআপের যাত্রী দেলোয়ার হোসেন। তিনি কিশোরগঞ্জ সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের সাল্লারবাড়ী মোড় এলাকায় ঢাকামুখী অনন্যা পরিবহনের একটি বাস ও কিশোরগঞ্জের দিকে যাওয়া পিকআপের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক পিকআপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, গুরুতর আহত পিকআপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস এবং পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।