ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুর দুই এলাকার দ্বন্দ্বে ১৭ দোকান-বাড়ি ভাঙচুর, লুটপাট

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১০ জুন ২০২২
মাদারীপুর দুই এলাকার দ্বন্দ্বে ১৭ দোকান-বাড়ি ভাঙচুর, লুটপাট
হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান- ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই এলাকার দ্বন্দ্বে ১৩টি দোকান ও ৪টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শের-ই বাংলা ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পৌরসভার পশ্চিম খাগদী এলাকার সঙ্গে পার্শ্ববর্তী ঘটমাঝি ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম খাগদীর হেদায়েত হাওলাদার নামে এক তরুণ তার বন্ধুদের সঙ্গে ঘটমাঝি ব্যাপারীপাড়াতে যান। ঐ সময় ব্যাপারীপাড়ার রাজীব ব্যাপারীসহ কয়েকজন তরুণের সঙ্গে তার বাক্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

ঘটনার কিছুক্ষণ পরই ঘটমাঝি ব্যাপারীপাড়ার তরুণ ও কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিম খাগদীতে মহড়া দেয়। ফেরার পথে তারা শের-ই বাংলা ক্লাব এলাকার ১৩টি দোকান ও ৪টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে আহত হন পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

জানতে চাইলে ব্যাপারীপাড়ার রাজীব ব্যাপারী বলেন, পশ্চিম খাগদীর লোকজন আমাদের ওপর আগে হামলা চালায়। এ কারণে আমাদের এলাকার লোকজন ওদের ধাওয়া করে। ভাঙচুর ও লুটপাটের বিষয়ে আমি জড়িত নই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, দুই এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ হলেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য এলাকার লোকজন। যারা দোকানপাট ও বাড়িতে হামলা চালায় ওরা সবাই তরুণ ও কিশোর। তাদের নাম-পরিচয় পাওয়া গেছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!