মাদক সেবনে নিষেধ করায় কিশোরকে হত্যা
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনে নিষেধ করায় এক কিশোরকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মৃত আজিজুল হক হৃদয় উপজেলার মুগসাইর গ্রামের অটো চালক রিপন মিয়ার ছেলে। শুক্রবার কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২২ জুন দুপুরে তার পাশের গ্রাম উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামে হৃদয় হাঁটতে যায়। এ সময় ঐ গ্রামের ইদ্রিস আলীকে মাদক সেবন করতে দেখে নিষেধ করায় সে রেগে যায়। একপর্যায়ে ইদ্রিস ও তার সঙ্গে থাকা বন্ধুরা হৃদয়কে মাটিতে ফেলে মারধর করে। এতে হৃদয়ের বুকে ও শরীরে আঘাত প্রাপ্ত হয়। আহত অবস্থায় হৃদয়কে স্থানীয়রা বাড়ি পৌঁছে দেয়। মারধরের শিকার আজিজুল হক হৃদয় বৃহস্পতিবার বিকেলে মারা যায়। অভিযুক্ত ইদ্রিস মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
হৃদয়ের মা রিনা বেগম জানান, ভালো পথে ফিরে আসতে বলায় ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। তারা গতকাল এসে আবার আমাকে সাবধান করে দিয়ে বলেছে, আমি যেন ছেলেকে শাসন করি। আমি ছেলে হত্যার বিচার চাই।
.png)
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।