মঙ্গলবার র্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রেজাউল করিম নবী মান্দা উপজেলার বড়মুল্লক গ্রামের ইসহাক আলীর ছেলে।
বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
.png)
তিনি জানান, সড়ক দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা পৃথক পৃথক মামলা করেন। মামলায় মূল আসামি করা হয় রেজাউলকে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ট্রাকচালক রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলন শেষে বুধবার দুপুরে ট্রাকচালক রেজাউল করিম নবীকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন সকালের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয় ট্রাকটি। এ দুর্ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়।