২০ দিন আগেই বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন শুরু
তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ২০ দিন আগেই বুধবার থেকে এ উত্তোলন শুরু হয়।
এদিন সকাল সাড়ে ৯ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়লা উৎপাদন উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকার জানান, খনি ভূ-গর্ভে ১৩১০ নম্বর কোল ফেইসে মজুত শেষ হওয়ায় ২৭ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল। এরপর ১৩১০ নম্বর ফেইসে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১৩০৬ নম্বর ফেইসে প্রতিস্থাপন করা হয়। ফলে বুধবার থেকে ফের শুরু হয় কয়লা উত্তোলন।
.png)
তিনি আরো জানান, প্রথম দিকে প্রতিদিন ১ হাজার থেকে ১২শ’ মেট্রিক টন কয়লা উত্তোলন হবে। ১০ থেকে ১৫ দিন পর শুরু হবে পূর্ণমাত্রায় উৎপাদন। বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৪০ হাজার টন কয়লা মজুত রয়েছে। পুরোদমে কয়লা উত্তোলন শুরু হলে তাপ বিদ্যুৎ চালাতে কোনো সমস্যা হবে না বলে আশা করি।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে যন্ত্রাংশ অ্যাডজাস্টম্যান্টসহ সব প্রক্রিয়া শেষে পুরোপুরি উৎপাদনে যেতে প্রায় সপ্তাহখানেক সময় লাগতে পারে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।