ঝাঁকুনিতে খুলল কাভার্ডভ্যানের দরজা, প্রাণ গেল শ্রমিকের
লক্ষ্মীপুরের রায়পুরে ঝাঁকুনিতে কাভার্ডভ্যানের দরজা খুলে ধাক্কা লেগে আবির হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার ব্যবস্থাপক বিপ্লব পাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবির লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার চৌধুরী বাড়ির নুর মোহাম্মদের ছেলে। আবির বেঙ্গল সু কারখানায় শ্রমিক ছিলেন।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলা রাখালিয়া বাজার এলাকার কারখানায় আঘাত পান আবির ৷ রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কারখানার ব্যবস্থাপক বিপ্লব পাল বলেন, পাঁচ বছর ধরে বেঙ্গল সু কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন আবির। কারখানার ভেতর এক স্টোর থেকে অন্য স্টোরে কাভার্ডভ্যানে করে মালামাল আনা নেওয়া করা হয়। কাছাকাছি হওয়ায় সাধারণত কাভার্ডভ্যানের পেছনের দরজা আটকানো (লক) হয় না। এমনিতেই লাগানো থাকে।
রোববার সন্ধ্যায় কারখানা ছুটি দিলে শ্রমিকরা বের হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে করে অন্য স্টোরে মালামাল নেওয়ার সময় ঝাঁকুনিতে দরজা খুলে যায়। এতে খুব জোরে দরজাটি আবিরের শরীরে লাগে। এতে আবির মাটিতে লুটে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, আবিরের পরিবার ও কারখানা কর্তৃপক্ষ আমার কাছে এসেছেন। বিষয়টি মীমাংসা করবেন বলে উভয়পক্ষ মত প্রকাশ করেন। তবে নিহতের পরিবার ক্ষতিপূরণের দাবি করেছেন।