সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পাঁচরুখি এলাকার মৃত ইদ্রিস ফকিরের ছেলে ট্রাকের মালিক জয়নাল হোসেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মঠখোলা এলাকার ছাদত আলীর ছেলে ট্রাকচালক শরিফ মিয়া ও একই এলাকার মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে ট্রাকের হেলপার নাজির হোসেন।
.png)
মঙ্গলবার দুপুরে র্যাব-৫ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে নাটোরের লালপুর থেকে বালু ভর্তি ট্রাকে বালুর আড়ালে মাদকদ্রব্য নিয়ে বনপাড়ার হয়ে রাজশাহীর দিকে আসছে। এমন খবর পেয়ে র্যাব সোমবার রাত সাড়ে ৯টার দিকে লালপুরের গোপালপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসায়।
পরে রাত সাড়ে ১০টার দিকে একটি সাদা-হলুদ রঙয়ের সিঙ্গেল কেবিনের ট্রাক আসলে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব বালু ভর্তি ট্রাকসহ আসামিদের গ্রেফতার করে। ট্রাক, ট্রাকের কাগজপত্র, নগদ ১৪ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৫ অধিনায়ক বলেন, আটকরা ট্রাকের মালিক, ড্রাইভার ও হেলপার। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মাদক চোরাচালান করে আসছিল। তারা সবাই সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। রাজশাহী, নাটোর থেকে মাদক সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে আসছিল।
মোটা অংকের টাকা লাভের আশায় তারা অভিনব কায়দায় বালুর ট্রাকের ভেতরে বালুর মধ্যে লুকানো অবস্থায় এসব মাদক পরিবহন করতেন। এর আগে বেশ কয়েকবার তারা এ রাস্তায় মাদক সরবরাহ করেছেন। তাদের বিরুদ্ধে নাটোরের লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।