ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুধের শিশুকে বুকে নিয়ে বেঁচে ফিরলেন মা, মেয়ে নিখোঁজ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২২
দুধের শিশুকে বুকে নিয়ে বেঁচে ফিরলেন মা,  মেয়ে নিখোঁজ
দুধের শিশুকে বুকে নিয়ে বেঁচে ফিরলেন মা

উঠার সময় দুলতে ছিল নৌকা। তবুও চাপাচাপি করে স্বামী, দুই সন্তান ও শাশুড়িসহ উঠেছিলাম নৌকাত। মাঝিরা কইছিল কিছুই হবে না। যাওয়া যাবে। কিন্তু দুলতে দুলতে মাঝখানে গিয়ে উল্টে গেল নৌকা। আমার বুকে বাচ্চাটা ছিল। বাম হাত দিয়ে বাচ্চাটা ধরে রাখছি আর ডান হাত দিয়ে নৌকা। পানির নিচে অনেকক্ষণ ডুবেছিলাম। তারপর আর কিছু বলতে পারি না। পরে ঘাটে এসে জ্ঞান ফিরে। আমি আর বাচ্চাটা পড়ে আছি। কে ঘাটে নিয়ে আসছে কিছু বলতে পারছি না। কিন্তু আমার মেয়েটাকে এখনো খুঁজে পাইনি। আমার মেয়ের লাশটা হলেও উদ্ধার করে দিন। 


কান্নাজড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন নৌকাডুবিতে বেঁচে যাওয়া বিপাশা চন্দ্র। বর্তমানে তার আট মাস বয়সী শিশুসন্তান সম্পদ রায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রয়েছে।


তিনি আরো বলেন, আমার স্বামীসহ বাকি লোকগুলোর কথা আমি বলতে পারছি না। চারপাশে শুধু ডুবে যাওয়া দেখেছি। আমি আর কিছু বলতে পারছি না। মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। 

Advertisement

বেঁচে যাওয়া বিপাশার স্বামী বিলাশ চন্দ্র বলেন, নৌকা ডুবে যাওয়ার পর আমি নৌকার উল্টো পাশে উঠি। ওঠার পর শুধু সবার গলা আর মুখ দেখতে পাচ্ছিলাম। আমার স্ত্রী-সন্তানকে খুঁজে পায়নি। মাকে দেখামাত্রই উদ্ধার করেছি। পরে ছেলে আর বউকে পেয়েছি। এখনো নিখোঁজ রয়েছে আমার মেয়ে। মেয়ের লাশটা হলেও উদ্ধার করে দিন। 

এর আগে রোববার দুপুরে মহালয়া দেখতে আউলিয়া ঘাট থেকে বদশ্বেরী ঘাটে যাচ্ছিল নৌকাটি। নৌকায় ১০০ জনেরও বেশি যাত্রী ছিল। ছাড়ার শুরুতেই নৌকাটি দুলতে থাকে। দুলতে দুলতে মাঝপথে গিয়ে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত ৩২ জনের লাশ পাওয়া গেছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন। 

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন বাদে বাকি সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!