ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌমাছির কামড়ে নিথর স্বামী, বিয়ের সপ্তাহ না যেতেই বিধবা হলেন স্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ২২ অক্টোবর ২০২২
মৌমাছির কামড়ে নিথর স্বামী, বিয়ের সপ্তাহ না যেতেই বিধবা হলেন স্ত্রী
তানভীর হাসান

টাঙ্গাইলের মধুপুরে বিয়ের সপ্তাহ না যেতেই মৌমাছির কামড়ে তানভীর হাসান নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তানভীর মধুপুরের বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তানভীরের মামা সোলায়মান সেলিম জানান, সরকারি সাদত কলেজ থেকে চলতি বছর শিক্ষাজীবন শেষ করেন তানভীর। ১৩ অক্টোবর তিনি বিয়ে করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মুদির দোকানে যাচ্ছিলেন তানভীরের বাবা খালেক। পথে তাকে আক্রমণ করে মৌমাছির ঝাঁক। বাবার চিৎকারে বাঁচাতে দৌড়ে যান বড় ছেলে তানভীর। পরে মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালান তিনি। এ সময় তাকেও মৌমাছি কামড়াতে থাকে। দিগ্বিদিক ছোটাছুটি করেও মৌমাছির হাত থেকে বাঁচতে পারেননি।

Advertisement

একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে তানভীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!