ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ২৪ অক্টোবর ২০২২
সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ফাইল ছবি

উপকূলীয় জেলা বাগেরহাটে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাতভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ৩৪৪ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। নির্দেশনা পাওয়া মাত্রই ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া ২৯৮ মেট্রিক টন চাল ও নগদ চার লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার মো মহিউদ্দিন জামান জানান, উপকূলীয় অঞ্চলের মানুষকে সাবধান করতে মাইকিং করা হচ্ছে। তাদের নিরাপদে থাকতে অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ-নদীতে থাকা নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের উপকূলে ঝুঁকির মধ্যে থাকা বাসিন্দাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যদি ঘূর্ণিঝড় আমাদের এলাকায় আঘাত হানে তাহলে তাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র যেতে অনুরোধ করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হতে হতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির শক্তি ক্রমশ বাড়ছে। ঝড়টির কেন্দ্রে শক্তি বাড়তে বাড়তে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়টির যে গতিপথ, এতে এটি বাঁক খেয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে। আগামী মঙ্গলবার বরিশাল অঞ্চলে আঘাত হেনে স্থলভাগে উঠে আসবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!