ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ইন্টারনেটে, দুই কিশোর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ২২ নভেম্বর ২০২২
স্কুলছাত্রীকে যৌন হয়রানির ভিডিও ইন্টারনেটে, দুই কিশোর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে সেই ভিডিও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. তৌহিদুল মবিন খান।

এর আগে, সোমবার রাতে সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজনের বয়স ১৩, অন্যজনের ১৬। ১৩ বছরের কিশোরকে বগুড়ার গাবতলী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আর অন্যজনকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজনই বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা।

Advertisement

র‌্যাব জানায়, গত ৮ নভেম্বর মাসে ধুনট উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করে ১৬ বছরের ওই কিশোর। এ সময় ১৩ বছরের ওই কিশোর গোপনে সেই ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিওটি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সেই ভিডিও ভাইরাল হয়ে স্থানীয়দের মাঝে আলোড়ন সৃষ্টি করে। পরে হয়রানির শিকার হওয়া ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৫ নভেম্বর ধুনট থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে তৎপরতা শুরু করা হয়। এক পর্যায়ে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান বলেন, দুই কিশোরকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে তারা। তাদেরকে ধুনট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে। এ ধরনের সামাজিক অপরাধ নির্মূলে আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!