ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীর চিকিৎসক-শিক্ষকদের শিক্ষা সুবিধা দেবে নেদারল্যান্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ২৩ নভেম্বর ২০২২
রাজশাহীর চিকিৎসক-শিক্ষকদের শিক্ষা সুবিধা দেবে নেদারল্যান্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) মাধ্যমে ডাক্তার, শিক্ষক ও নার্সদের প্রশিক্ষণ, উন্নত শিক্ষা ও থাকা-খাওয়াসহ স্নাতকোত্তর পড়ার সুবিধা দেবে নেদারল্যান্ডের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ইরাসমাস। এ নিয়ে রামেবির সঙ্গে নেদারল্যান্ডের প্রখ্যাত ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার দুপুরে চুক্তি স্বাক্ষর উপলক্ষে নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল রামেবিতে পরিদর্শনে আসেন।

রামেবি সূত্র জানায়, দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নার্স ও ডাক্তারদের উন্নত প্রশিক্ষণ, বিশ্লেষণধর্মী গবেষণা ও স্নাতকোত্তর কোর্স সমূহের পড়ালেখার সুযোগ দেবে ইরাসমাস বিশ্ববিদ্যালয়। পড়াশোনার সুযোগ সৃষ্টির পাশাপাশি মেডিকেল টেকনোলজিতে প্রশিক্ষিত মানব সম্পদ বিনিময়েরও ব্যবস্থা করবে শিক্ষা প্রতিষ্ঠানটি। এখন থেকে ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ও শিক্ষকরা রাজশাহীতে আসবেন এবং এখানকার প্রশিক্ষিত শিক্ষক ও নার্সরা ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবেন।

ইরাসমাসের প্রতিনিধি দল এসব বিষয়কে লক্ষ্য রেখেই মূলত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বুধবার সকাল ১১টায় রামেবির অস্থায়ী কার্যলয়ে উপাচার্যের নিজ দফতরে এ সম্পর্কিত একটি চুক্তি উভয়পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

সূত্র আরও জানায়, যৌথ কার্যক্রম পরিচালনা করা ও নার্সদের প্রশিক্ষণ কর্মসূচি চালু করার বিষয়ে নেদারল্যান্ডের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সফল আলোচনা হয়েছে। রামেবির অধীনে সব সরকারি নার্সিং কলেজের শিক্ষকরা আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর সিরাজগঞ্জের জাহানারা নার্সিং কলেজে প্রশিক্ষণে অংশ নেবেন। এই প্রশিক্ষণ দেবে ইরাসমাস বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধি দল।

বুধবার সন্ধ্যায় প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন রামেবি উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন।

তিনি বলেন, ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের ডাক্তার ও নার্সরা। ইউজিসি থেকে এরমধ্যে প্রশিক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তির ফলে শিক্ষকদের গবেষণা, ডাক্তার ও নার্সদের কার্যক্রম আরো গতিশীল ও বর্হিবিশ্বের ন্যায় উন্নত সেবাদান করতে সক্ষম হবে বলে আমরা মনে করছি।

চুক্তি স্বাক্ষরের সময় নেদারল্যান্ডের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, ইরাসমাস মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক লেইস বেথ, ডা. প্রাট্রিসিয়া, ডা. মার্টিন ও নার্সিং শিক্ষক ইলস। রামেবির পক্ষে ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী, উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেনসহ রামেবির প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, উপ-রেজিস্ট্রার ডা. মো. আমিন আহমেদ খান প্রমুখ।  

চুক্তি শেষে ইরাসমাসের প্রতিনিধি দল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় সহযোগিতা করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!