ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কয়রায় কামিল মাদরাসায় ৬ কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ১৪ অক্টোবর ২০২৬
কয়রায় কামিল মাদরাসায় ৬ কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
কয়রায় মাদরাসায় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলার উত্তরচক বহুমুখী কামিল মাদরাসায় ছয়জন কর্মচারী নিয়োগে অনিয়ম, প্রশ্ন ফাঁস ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে আর্থিক লেনদেনের মাধ্যমে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তবে মাদরাসার অধ্যক্ষের দাবি, সব নিয়ম মেনেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান অনিয়মের মাধ্যমে ছয়জন কর্মচারীর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন। এ নিয়োগকে কেন্দ্র করে একটি অসাধু চক্র অর্থ লেনদেনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, এসব অনিয়মের বিষয়ে গত ৬ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিধিবহির্ভূতভাবে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে তড়িঘড়ি করে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন অভিযোগকারীরা।

আব্দুল্লাহ আল মামুনের দাবি, বায়েজিদ ইসলাম নামে এক প্রার্থীকে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার চুক্তি করা হয়েছিল। এর মধ্যে নগদ তিন লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একইভাবে শাহিন ইসলাম নামে আরেক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকার চুক্তিতে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এসব অভিযোগের পক্ষে প্রমাণাদি তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন আব্দুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে তিনি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এদিকে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের প্রতিবাদে সচেতন এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে উত্তরচক বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান বলেন, সব নিয়মকানুন মেনেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!