ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন্মের ১০ ঘণ্টার মধ্যেই রাষ্ট্রীয় স্বীকৃতি পেল শিশু মোহাম্মদ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ১১ ডিসেম্বর ২০২২
জন্মের ১০ ঘণ্টার মধ্যেই রাষ্ট্রীয় স্বীকৃতি পেল শিশু মোহাম্মদ
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাত ১২টা পাঁচ মিনিটে জন্মগ্রহণ করে মোহাম্মদ নামে একটি শিশু। রোববার সকাল ১০টার মধ্যেই শিশু মোহাম্মদের মিলেছে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। জন্মের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই শিশুটির জন্ম নিবন্ধন সনদ হাতে পেয়ে বেশ খুশি তার পরিবার।

শিশু মোহাম্মদ কুমিল্লা নগরীর দিশাবন্দ এলাকার আবু সুফিয়ান রাসেলের ছেলে। রোববার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে তার নিবন্ধনের সনদ দেওয়া হয়।  

শিশুর বাবা আবু সুফিয়ান রাসেল বলেন, ‘জন্ম নিবন্ধন মানুষের নাগরিক অধিকার। আমার সন্তান বড় হয়ে যখন জানবে সে জন্মের প্রথম দিনে দেশের থেকে একটি স্বীকৃতি লাভ করেছে, তখন তার দেশপ্রেম বাড়বে এবং তার ভালো লাগবে। এ ভালো লাগা স্বপ্ন দেখাবে, যে স্বপ্ন হবে চির প্রশংসিত। আমার সন্তানের নাম রেখেছি মোহাম্মদ। দোয়া করি সে যেন বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে। ’ 

Advertisement

ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিভৃতে নাগরিক সেবা দিয়ে যাচ্ছি, জন্ম নিবন্ধন যার অন্যতম। রোববার অফিস খোলার পরপরই ওই শিশুর বাবা নিবন্ধনের অনলাইন আবেদন নিয়ে আসেন। প্রথম দিন নিবন্ধন করতে এসেছে দেখে আমরাও খুশি হয়েছি। এ কাজটির মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে বলে বিশ্বাস করি। ’ 

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। ’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!