গাজীপুরে স্পিনিং মিলে আগুন, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কালীগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নাগরগানা এলাকার একটি স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কালীগঞ্জের উত্তর নাগরগানা এলাকায় সকাল ৭টার দিকে নাগরগানা স্পিনিং মিলে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পলাশ, কাপাসিয়া ও গাজীপুর ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, আগুনে টিনশেডের ওই স্পিনিং মিলের তুলা, সুতা ও ঝুট মালপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন সাপেক্ষে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।