ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিংড়ি ঘেরের প্রভাবে ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৫, ১৯ জানুয়ারি ২০২৩
চিংড়ি ঘেরের প্রভাবে ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে নির্বিচারে প্যারাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস করে অবৈধভাবে তৈরি হচ্ছে চিংড়ি ঘের।

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজি পাড়ার বগাচতর ঘোনার পশ্চিম পাশে অবৈধভাবে চিংড়ি ঘের তৈরি করতে নির্বিচারে প্যারাবন কেটে ফেলা হচ্ছে। অন্তত ২০০ একর বনভূমি দখল করে চিংড়ি ঘেরের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে বনের দুই হাজার বাইন ক্যাওডা গাছ কাটা পড়েছে। বাঁধ নির্মাণের কাজ অব্যাহত থাকায় প্যারাবনের অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের অধীনে কালাগাজি পাড়ার বগাচতর ঘোনার পশ্চিমে দুই সপ্তাহ ধরে প্যারাবনের গাছ নিধন চলছে। ভূমিদস্যুরা শতাধিক শ্রমিক দিয়ে দিনে-দুপুরে প্যারাবন গাছ কাটার পর খননযন্ত্র দিয়ে চিংড়ি ঘেরের জন্য বাঁধ নির্মাণ করছে। তবে মঙ্গলবার দুপুরে প্যারাবনের গাছ কেটে বাঁধ নির্মাণের সময় স্থানীয় বনকর্মীরা বাধা দেন। এ সময় বনের গাছ কাটা ও বাঁধ নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যান।

বন বিভাগের ঝাপুয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল হক বলেন, মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি চক্র কয়েক দিন ধরে প্যারাবন নিধন করে চিংড়ি ঘেরের বাঁধ নির্মাণ করছে। বনকর্মীরা মঙ্গলবার ও বৃহস্পতিবার দুই দফা অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়েছে। প্যারাবনের গাছ কেটে বাঁধ নির্মাণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।  

বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা এস এম আনিসুর রহমান বলেন, চিংড়ি ঘেরের জন্য বাঁধ নির্মাণ করতে গিয়ে প্যারাবনের ছোট-বড় মিলে অন্তত দুই হাজার বাইন গাছ কাটা পড়েছে। এতে বন বিভাগের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা এসএম আনিসুর রহমান বলেন, ভূমিদস্যুরা প্রথমে শ্রমিক দিয়ে প্যারাবনের গাছ কাটে। পরে খননযন্ত্র দিয়ে বনের জমিতে অবৈধভাবে চিংড়ি ঘেরের বাঁধ তৈরি করে। তবে পশ্চিম পাশের বাঁধ নির্মাণকাজ শেষ হলেও উত্তর ও দক্ষিণ পাশের বাঁধ নির্মাণ করতে পারেনি। ফলে ঘটনাস্থলে গিয়ে বাঁধের কয়েকটি স্থান কেটে দিয়ে অন্তত ১০০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, প্যারাবন নিধন করায় পরিবেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা বলার মতো নয়। কিন্তু এ নিয়ে বন বিভাগের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!