ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১৯ জানুয়ারি ২০২৩
জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, হিয়ালা গ্রামের আতাবুর রহমান এবং একই গ্রামের আকিল হোসেন পার্শ্ববর্তী একটি বোরো ধানের মাঠ পানি সেচ দেওয়ার জন্য লিজ নেন। এ নিয়ে বুধবার বিকেলে স্থানীয় বটতলা বাজারে জমিতে আগে পরে পানি সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে জমিতে পানি সেচ দেওয়া শুরু হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে জহুর আলী, নুরুল হক, প্রাণ কৃষ্ণ, কবির মিয়া, ইয়াহিয়া মিয়া, জসিম উদ্দিন, সজলু মিয়া, আব্দুল গফুর, কাউছার আহমেদ, মোবাশ্বির আহমেদ, আবদাল মিয়া, আতাবুর রহমান, সফর আলী, আলতাব মিয়া, সেলিম মিয়া, মিরাজ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!