মেয়েটির নাম ঈশিতা। তার বাড়ি গাজীপুরের শ্রীনগরে। ১৬ জানুয়ারি গাজীপুরের নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন এ তরুণী।
জানা গেছে, বৃহস্পতিবার মানসিকভাবে বিপর্যস্ত এ তরুণী বিভ্রান্ত হয়ে খুলনায় ঘোরাঘুরি করছিলেন। রাতে মেয়েটিকে রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে উদ্ধার করেন কয়েকজন স্বেচ্ছাসেবী। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. আলী আকবর জানান, উই আর বাংলাদেশ নামে একটি ফেসবুক গ্রুপে কেউ একজন কমেন্ট করে মেয়েটির খোঁজ দেন। পরে তাকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে উদ্ধার করেন গ্রুপের এডমিন। খবর পেয়ে রূপসা থেকে নিজস্ব অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেন খুলনা অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীরা। মেয়েটি তখনো প্রলাপ বকছিলেন। ফেসবুকের মাধ্যমেই তার বাবা-মা ও বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে সংগঠনটি।
নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির বান্ধবী জানান, ১৬ জানুয়ারি গাজীপুরের নিজ বাসা থেকে বেরিয়ে যান তার বান্ধবী। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অমিত সাহা বলেন, মেয়েটি মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা করেন এ চিকিৎসক।
মেয়েটির মা-বাবা জানান, আকস্মিকভাবে মেয়েকে হারিয়ে তারা কী করবেন বুঝতে পারছিলেন না। কেন মেয়েটি ঘর ছাড়ল বা এ অবস্থা হয়েছে কিছুই জানেন না তারা।